রাজনীতি

আদিবাসীদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট: জুলা ২৯, ২০২৬ : ০৫:২১ এএম
আদিবাসীদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী জনগোষ্ঠীকে নিজেদের অধিকার ও দাবিদাওয়া আদায়ে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, নিজেদের কথা নিজেরাই জোরালোভাবে তুলে ধরতে হবে এবং অধিকার আদায়ে সচেতন থাকতে হবে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা অডিটোরিয়ামে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি-২০২৫–২৬’-এর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মধ্যে বসতঘরের বরাদ্দপত্র, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সব সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করেছে। তিনি বলেন, আদিবাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করেই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, আদিবাসীদের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আদিবাসীদের জমি যেন জোরপূর্বক দখল না হয়, সে বিষয়েও সরকার সতর্ক থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং নদী-খাল পুনঃখনন কর্মসূচির কথাও তুলে ধরেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, অনুষ্ঠানে ১০ জনকে বসতঘরের বরাদ্দপত্র, ৪৯ জনকে বাইসাইকেল, ৩৩ জনকে সেলাই মেশিন এবং ৩২৬ জনকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। মোট ৪১৮ জন উপকারভোগীর মধ্যে প্রায় ৬৯ লাখ ৭৪ হাজার টাকার সহায়তা বিতরণ করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!