রাজনীতি

'বিএনপির ইতিহাস স্বৈরাচার প্রতিহতের ইতিহাস'

আপডেট: জুলা ৩০, ২০২৬ : ০৪:৩৯ এএম ১১
'বিএনপির ইতিহাস স্বৈরাচার প্রতিহতের ইতিহাস'

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ইতিহাস আপস বা পলায়নের নয়; দলটির ইতিহাস স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ইতিহাস। তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করে বিএনপি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং শফিউল বারী বাবুর সহধর্মিণী সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন উপস্থিত ছিলেন।

জাহিদ হোসেন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় বিএনপি সব সময় ভূমিকা রেখে এসেছে। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বা ষড়যন্ত্রকারী তাদের উদ্দেশ্যে সফল হতে পারবে না।

প্রয়াত শফিউল বারী বাবুকে স্মরণ করে তিনি বলেন, তিনি ছিলেন সৎ, নিষ্ঠাবান, ত্যাগী ও দায়িত্বশীল একজন সংগঠক। দলের প্রতি তাঁর নিবেদন নতুন প্রজন্মের নেতা-কর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শফিউল বারী বাবুর সঙ্গে তাঁর রক্তের সম্পর্ক না থাকলেও আদর্শিক সম্পর্ক ছিল। তিনি বলেন, অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁরা একসঙ্গে রাজপথে ছিলেন এবং বাবু যে ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।

উল্লেখ্য, শফিউল বারী বাবু ২০২০ সালের ২৯ জুলাই মারা যান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!