স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন।
তিনি বলেন, দেশের উন্নয়নে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে প্রধানমন্ত্রী সব সময় চিন্তা করেন এবং নিজের কাজের মাধ্যমে নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে তরুণদের মেধা, সক্ষমতা ও দেশপ্রেমের ওপর ভর করেই এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হলে দেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে প্রয়োজন শক্তিশালী নেতৃত্ব ও সুপরিকল্পিত উদ্যোগ। প্রতিবন্ধকতা থাকলেও দেশকে এগিয়ে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অতীতের নানা সংকট থেকে শিক্ষা নিয়ে পরিকল্পিতভাবে এগোতে হবে। তাঁর ভাষ্য, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে এসে দেশ গঠনের পরিকল্পনার কথা বলেছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
বিএনপির মহাসচিব বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। তাঁদের হাত ধরেই গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। তাই দেশের ভবিষ্যৎ নিয়েও তিনি আশাবাদী। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জ থাকলেও তরুণদের উদ্যম ও আকাঙ্ক্ষা দেশকে সামনে এগিয়ে নেবে বলে তিনি বিশ্বাস করেন।
অনুষ্ঠানে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান বক্তব্য দেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!