রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলটির জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাত ৮টা থেকে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা চলা বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ এবং দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব স্থায়ী কমিটি দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে।
তিনি জানান, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
পরে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব বর্তমানে স্পিকার পালন করছেন এবং ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশনও এ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে। তফসিল ঘোষণার পর দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান।
এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। যদি একমাত্র প্রার্থী থাকেন, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। আর একাধিক প্রার্থী হলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের জন্য বিএনপি প্রস্তুতি নিচ্ছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!