রাজনীতি

সার্জিও গর–ত্রিবেদীর বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির

আপডেট: আগ ০২, ২০২৬ : ০৬:০৮ এএম
সার্জিও গর–ত্রিবেদীর বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক যদি কেবল সৌজন্য সাক্ষাৎ না হয়ে থাকে, তাহলে দুই দেশের বিষয় নিয়ে আলোচনা বাংলাদেশ সরকারের সঙ্গেই হওয়া উচিত।

শনিবার সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিদেশি কূটনীতিকদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ স্বাভাবিক বিষয়। তবে বৈঠকে যদি বাংলাদেশ-সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, তাহলে সেটি সরকারের সঙ্গে হওয়াই সমীচীন। প্রয়োজনে বিরোধী দলের সঙ্গেও আলোচনা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, কয়েক বছর আগে অবসর নেওয়া একজন ‘দলীয় ব্যক্তি’কে নির্বাচন কমিশনে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তাঁদের শঙ্কা রয়েছে। ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হলে সরকারের নির্বাচনী সদিচ্ছা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন ডা. শফিকুর রহমান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলটি গণভোটের প্রশ্নে আগের অবস্থান থেকে সরে এসেছে। এ পরিবর্তনের কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!