রাজনীতি

আইনের শাসন প্রতিষ্ঠা হলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

আপডেট: আগ ০৩, ২০২৬ : ০৫:২৪ এএম
আইনের শাসন প্রতিষ্ঠা হলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার ঠাকুরগাঁও বার কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে টেকসই করতে হলে প্রভাবমুক্ত স্বাধীন বিচার বিভাগ, দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন এবং কার্যকর সংসদ প্রতিষ্ঠার বিকল্প নেই। এসব প্রতিষ্ঠান শক্তিশালী হলে নাগরিকরা প্রকৃত ন্যায়বিচার পাবেন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশের অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডও সহজ হয়। রাষ্ট্রের বিভিন্ন সমস্যা থাকবেই, তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী প্রতিষ্ঠানই একটি স্থায়ী ও কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ভিত্তি।

মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সমস্যা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর কারণে অসংখ্য তরুণ-তরুণীর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে মাদক নির্মূল সম্ভব নয়; এ জন্য পরিবার, সমাজ এবং সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জেলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন পাওয়া গেছে এবং বাস্তবায়ন কার্যক্রম চলছে। আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ঠাকুরগাঁও সদর হাসপাতালের শয্যাসংখ্যা ২৫০ থেকে ৬০০-তে উন্নীত করা হয়েছে এবং পরিত্যক্ত বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে জেলা জজ মো. জামাল হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও বার কাউন্সিলের জ্যেষ্ঠ আইনজীবীসহ প্রশাসন ও বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!