ছোট ছোট মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনে বড় পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, শুধু আর্থিক সহায়তা দেওয়াই যথেষ্ট নয়; অসহায় মানুষকে কর্মমুখী করে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ। রোববার রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মার্কিনভিত্তিক দাতব্য সংস্থা ‘লাভ শেয়ার বিডি’ পরিচালিত ‘সুবিধাবঞ্চিতদের জন্য আত্মনির্ভরশীলতা প্রকল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতা প্রকল্পের আওতায় ২৫টি ‘চা ঘর’ হস্তান্তর করেন মন্ত্রী।
মির্জা ফখরুল বলেন, সংখ্যায় এই উদ্যোগ ছোট হলেও ২৫ জন মানুষের জীবনে এটি বড় পরিবর্তন আনতে পারে। এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।
রংপুর বিভাগের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। নিজ নিজ এলাকার মানুষের আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে স্থানীয় নেতাদের কার্যকর ভূমিকা রাখার কথাও বলেন মন্ত্রী।
তিনি বলেন, বিএনপি সরকার জনগণের ভাগ্য উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের অর্থনীতি ও প্রশাসন পুনর্গঠনের চেষ্টা করছে। তবে দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের হাতে কোনো আলাদিনের প্রদীপ নেই।’ সরকারকে সময় দেওয়ার পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
‘এ ধরনের রাজনীতি দেশের জন্য ভালো নয়’
বিরোধী দলের ভূমিকা নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের একটি বিরোধী দল আছে। দুর্ভাগ্যবশত, তারা আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছেন। শেখ হাসিনা যে ভাষায় কথা বলতেন, তারাও সেই একই ভাষায় কথা বলছেন। এ ধরনের রাজনীতি দেশের জন্য ভালো নয়।’
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র কয়েক মাস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এত অল্প সময়ে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। বিরোধী দলের সমালোচনার জবাবে আলোচনার মাধ্যমে বিষয়গুলো তুলে ধরার পরামর্শ দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। তাঁর দাবি, আগের সরকারের সময়ে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, ২০ হাজার মানুষ নিহত এবং ১ হাজার ৭০০ জন গুমের শিকার হয়েছিলেন। এখন দেশে সেই পরিস্থিতি নেই বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি সংকট দ্রুত সমাধানের আশা
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, কৃষির উন্নয়ন, কর্মসংস্থান বাড়ানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, দেশে জ্বালানি সমস্যা রয়েছে।
মির্জা ফখরুলের দাবি, গত ১৫ বছরে দেশে নতুন গ্যাস ও তেল অনুসন্ধানে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি এবং বাপেক্সকে অকার্যকর করে রাখা হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর সরকার দেশে তেল ও গ্যাসের কূপ খননের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, বিদেশ থেকে তেল ও গ্যাস আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় এবং ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে আমদানি ব্যয় বেড়েছে। তবে কোনো দিন দেশের মানুষ তেল ও গ্যাস থেকে পুরোপুরি বঞ্চিত হননি। সরবরাহ কিছুটা কমলেও চরম সংকট তৈরি হয়নি। বর্তমান সংকটও অল্প সময়ের মধ্যে সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, দায়িত্ব নেওয়ার চার-পাঁচ মাসের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন খাতে সংস্কার করছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সময় ও সবার সহযোগিতা প্রয়োজন।
গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে সাংবাদিকেরা স্বাধীনভাবে লিখতে পারেননি। এখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সংসদে কথা বলার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
‘ক্ষমতাকে অর্থ উপার্জনের যন্ত্র হিসেবে ব্যবহার নয়’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী ক্ষমতাকে অর্থ উপার্জনের যন্ত্র হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘লাভ শেয়ার বিডি’র উদ্যোক্তারা নিজেদের অর্থ ব্যয় করে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন—এটি প্রশংসনীয়। উদ্যোগটির পরিধি ছোট হলেও এর উদ্দেশ্য অত্যন্ত মহৎ।
‘লাভ শেয়ার বিডি’র পরিচালক জাহিদ খান বলেন, মানুষের অসহায়ত্ব ও দারিদ্র্যের বাস্তব অভিজ্ঞতা থেকেই সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষকে শুধু সহায়তা দেওয়া নয়, তাঁদের আত্মনির্ভরশীল করে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট রিজিকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং জেলা পরিষদ প্রশাসক মো. সাইফুল ইসলাম।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!