রাজনীতি

বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রিজভী

আপডেট: আগ ১৫, ২০২৬ : ০৪:৫৩ এএম
বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রিজভী

বিএনপি সরকারের ছয় মাস পূর্তিতে নির্বাচনী ইশতেহার ও ৩১ দফায় দেওয়া অঙ্গীকারের অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ, আবার কোথাও ১০০ শতাংশ পর্যন্ত কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত লিখিত প্রতিবেদন বা বুকলেট আগামীকাল শনিবার অথবা পরদিন রোববারের মধ্যে প্রকাশ করা হবে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, সরকারকে প্রথমে প্রস্তুতি নিতে হয়। প্রশাসনকে গুছিয়ে নেওয়া এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ‘ইমপ্লিমেন্টিং ইন্সট্রুমেন্ট’ প্রস্তুত করতে সময় লাগে। এই প্রস্তুতি পর্ব শেষে পরবর্তী ছয় মাসে কর্মসূচিগুলো আরও জোরালোভাবে এগিয়ে যাবে এবং সফলভাবে বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রিজভী বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড প্রদানসহ কত কিলোমিটার খাল খনন করা হয়েছে, তার পূর্ণাঙ্গ পরিসংখ্যানও প্রকাশিতব্য প্রতিবেদনে তুলে ধরা হবে।

মহাসচিবের পদত্যাগ নিয়ে যা বললেন রিজভী

দলের মহাসচিবের পদত্যাগ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, তাঁর বক্তব্যের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্যের কোনো বিরোধ নেই। তিনি দলের নির্দেশক্রমেই বিষয়টি জানিয়েছেন।

রিজভী বলেন, আইনগতভাবে শপথ নেওয়ার আগে দলীয় পদ কিংবা সরকারি পদ—মন্ত্রী বা সংসদ সদস্যের পদ—থেকে পদত্যাগ করার কোনো বাধ্যবাধকতা নেই। তবে দলের মহাসচিব হিসেবে যেহেতু তিনি দলের মনোনীত রাষ্ট্রপতি হয়েছেন, সে কারণে নৈতিক অবস্থান থেকে তিনি দল থেকে পদত্যাগ করেছেন।

পরবর্তী মহাসচিব নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দল যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই তা জানানো হবে। দলের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।

ছাত্রদলের কমিটি নিয়ে সিদ্ধান্ত হয়নি

ছাত্রদলের সাধারণ সম্পাদকের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাস এবং সংগঠনটির নতুন কমিটি নিয়ে প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে তাঁর কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি।

এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে দলের হাইকমান্ডের পক্ষ থেকে তা জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, সিদ্ধান্ত চূড়ান্ত হলে প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করা হবে।

খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া

সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার দেশব্যাপী দোয়া অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেন রিজভী।

তিনি বলেন, ঢাকাসহ সারা দেশে বিএনপির দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় দোয়া অনুষ্ঠিত হবে। গুলশান কার্যালয়েও দোয়া মাহফিল হবে।

খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ও মূল প্রেরণা ছিলেন। তাঁর ওপর বারবার আক্রমণ হয়েছে। গোটা দেশ, জাতি ও গণতন্ত্র আক্রান্ত হয়েছে; দেশের বিভিন্ন পথ ও মতের রাজনীতিও আক্রান্ত হয়েছে। এরপরও তাঁকে তাঁর কর্তব্য ও কর্ম থেকে বিচ্যুত করা যায়নি।

রিজভী বলেন, ‘হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে তিনি দৃঢ় পায়ে এগিয়ে গেছেন এবং তাঁর অঙ্গীকারে অটল থেকেছেন।’

শনিবারের দোয়া অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!