কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের কর্মী-সমর্থকেরা হামলা করেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ রোববার সকালে দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থায় আমির হামজার গাড়িবহরে হামলা হয়। তাঁর দাবি, গণঅধিকার পরিষদের কর্মী-সমর্থকেরা হকিস্টিক ও ইটপাটকেল দিয়ে গাড়িবহরে হামলা চালান।
মিয়া গোলাম পরওয়ারের ভাষ্য, হামলায় আমির হামজা, তাঁর পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে এ ধরনের পরিকল্পিত হামলা উদ্বেগজনক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর এই নেতা আরও বলেন, আমির হামজা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। এরপরও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা দুঃখজনক।
তিনি বলেন, পুলিশ প্রশাসন সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা নিলে হামলাকারীরা এমন দুঃসাহস দেখাতে পারত না।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!