বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রযুক্তি গ্রামের উদ্যোগ অল্প সময়েই স্থানীয় কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি আশা প্রকাশ করে বলেন, অচিরেই দেশের ৯০ হাজার গ্রামে প্রযুক্তি গ্রামের কার্যক্রম ছড়িয়ে পড়বে।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চকনজুর ‘প্রযুক্তি গ্রাম’ পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্রি ময়মনসিংহ স্যাটেলাইট স্টেশনের তত্ত্বাবধানে সদর উপজেলার চকনজুর গ্রামকে ইতিমধ্যে ‘প্রযুক্তি গ্রাম’ ঘোষণা করা হয়েছে। সেখানে সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষে কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ দেওয়া হয়েছে। এতে কৃষকের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি আয় বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিদর্শনের সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রযুক্তি গ্রামের কৃষিজমিতে বিভিন্ন জাতের ধানের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি ধানের ফলন, জাতভিত্তিক বৈশিষ্ট্য ও কৃষকদের অভিজ্ঞতার বিষয়ে খোঁজ নেন।
পরে ব্রির ময়মনসিংহ স্যাটেলাইট স্টেশনের প্রযুক্তি গ্রামের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং কৃষক-কৃষাণিদের সঙ্গে মতবিনিময় করেন।
কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ
অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রযুক্তি গ্রাম অল্প সময়ের মধ্যেই স্থানীয় কৃষকদের মধ্যে সাড়া জাগিয়েছে। কৃষকের উৎপাদন ব্যয় কমানো, ফলন বাড়ানো এবং কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, প্রযুক্তি গ্রামের মাধ্যমে কৃষকেরা সরাসরি উন্নত জাত, আধুনিক প্রযুক্তি ও কৃষি উপকরণের সুবিধা পাচ্ছেন। এর সুফল আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে তিনি আশা করেন।
প্রিন্স বলেন, শুধু বড় বড় অবকাঠামো নির্মাণ করলেই উন্নয়ন হয় না। প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নই প্রকৃত উন্নয়ন।
কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, সুদসহ কৃষিঋণ মওকুফ ও খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান কৃষি ও কৃষকবান্ধব প্রধানমন্ত্রী। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।
শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ
অনুষ্ঠানে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির আওতায় গ্রামের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা এবং কৃষকদের মধ্যে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ময়মনসিংহ স্যাটেলাইট স্টেশনের উপকেন্দ্রের পরিচালক ও প্রধান ড. আফছানা আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম ও প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও কৃষকদের মধ্যে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করেন। পরে তিনি অনুষ্ঠানস্থলে একটি নিমগাছের চারা রোপণ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!