রাজনীতি

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: উৎসবমুখর রংপুর

আপডেট: আগ ২৩, ২০২৬ : ০৫:২৬ এএম ১১
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: উৎসবমুখর রংপুর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রংপুরে আনন্দ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। এ উপলক্ষে শনিবার দুপুরে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে দুপুরে মিছিলটি বের হয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে নেতৃত্ব দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহীদুল ইসলাম মিজু।

‘উত্তরাঞ্চলের মানুষের মতো আমরাও আনন্দিত’

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির নেতারা বলেন, উত্তরবঙ্গের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং ত্যাগী নেতা রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় তাঁরা উত্তরাঞ্চলের মানুষের মতোই আনন্দিত ও গর্বিত।

নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুজন পরীক্ষিত, দেশপ্রেমিক, সৎ, যোগ্য ও ত্যাগী নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করেছেন। তাঁরা আশা করেন, নতুন দায়িত্বে মির্জা ফখরুল ও রিজভী দেশের পাশাপাশি উত্তরাঞ্চলের উন্নয়নেও ভূমিকা রাখবেন।

তাঁদের বক্তব্য, রংপুর দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। এ অঞ্চলে বেকারত্বের হারও বেশি। তাই রাষ্ট্র ও দলের শীর্ষ পর্যায়ে উত্তরাঞ্চলের এই দুই নেতার অবস্থান রংপুরের উন্নয়ন ও বৈষম্য দূর করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

পথচারীরাও আনন্দ প্রকাশ করেন

বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি পথচারীরাও মিছিলে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনপির কর্মী মো. মাসুম ও হাফিজুর রহমান এবং পথচারী আরমান হোসেন ও সুমনা রহমান বলেন, উত্তরবঙ্গের এই দুই ত্যাগী নেতা রাষ্ট্রপতি ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রংপুর বিভাগের দীর্ঘদিনের উন্নয়নবৈষম্য দূর হবে বলে তাঁরা আশা করছেন।

আকলিমা খাতুন নামের এক গৃহবধূ বলেন, বর্তমান রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দুজনই ত্যাগী, সৎ, কর্তব্যনিষ্ঠ ও দেশপ্রেমিক। তাঁদের নেতৃত্বে দেশের অন্যান্য এলাকার পাশাপাশি রংপুর বিভাগেও উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!