রাজনীতি

শুধু জিপিএ-৫ বা সার্টিফিকেট নয়, শিক্ষায় নৈতিকতাই বড়: পানিসম্পদমন্ত্রী

আপডেট: আগ ৩০, ২০২৬ : ০৫:১৯ এএম
শুধু জিপিএ-৫ বা সার্টিফিকেট নয়, শিক্ষায় নৈতিকতাই বড়: পানিসম্পদমন্ত্রী

শুধু জিপিএ-৫ কিংবা ভালো সার্টিফিকেট পেলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘জিপিএ-৫ বা ভালো সার্টিফিকেট থাকলেই হবে না। সমাজে নৈতিকতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ। শিক্ষায় নৈতিকতা বড় গুণ।’

তিনি বলেন, বর্তমান সমাজ নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ে জর্জরিত। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতার চর্চা করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মাদক প্রসঙ্গে শহীদউদ্দীন চৌধুরী বলেন, মাদকের কারণে তরুণ সমাজের মেধা ও ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তরুণদের এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া গেলে সমাজের অবক্ষয় থেকে বেরিয়ে আসা সম্ভব হবে।

দেশের বর্তমান শিক্ষা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করাও আমাদের অন্যতম চ্যালেঞ্জ।’

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এরপর উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা আরও কঠিন হয়ে ওঠে। তাই এখন থেকেই পড়াশোনার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে। দেশের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউছুফ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!