রাজনীতি

গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করতে হবে: রিজভী

আপডেট: আগ ৩০, ২০২৬ : ০৫:৩৯ এএম
গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করতে হবে: রিজভী

গুমের শিকার ব্যক্তিদের সত্য উদঘাটন, নিরপেক্ষ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের পাশাপাশি ভুক্তভোগী ও তাঁদের পরিবারের ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ দাবি জানান। একই সঙ্গে গুমের শিকার বিশ্বের সব ব্যক্তি, তাঁদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, গুম শুধু একজন মানুষকে তাঁর পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া নয়; এটি মানুষের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও জীবনের অধিকারের ওপর নির্মম আঘাত। বছরের পর বছর প্রিয়জনের ফিরে আসার অপেক্ষা এবং তাঁর ভাগ্য সম্পর্কে অনিশ্চয়তা কোনো পরিবারের জন্য অসহনীয় যন্ত্রণা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গুম রাজনৈতিক দমন-পীড়ন ও ভিন্নমত দমনের ভয়াবহ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী, মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীসহ বহু মানুষ এর শিকার হয়েছেন। তাঁদের অনেকের পরিবার এখনো জানে না, তাঁদের প্রিয়জন কোথায় বা কী অবস্থায় আছেন।

রিজভী বলেন, গুমের প্রতিটি ঘটনার সত্য উদঘাটন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা ন্যায়বিচার প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে থাকতে পারে না।

তিনি বলেন, গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের সত্য জানার অধিকার, ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও যথাযথ পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

রিজভী আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে রাষ্ট্রের কোনো সংস্থা আর কখনো নাগরিকের বিরুদ্ধে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনীকে জবাবদিহির আওতায় রাখতে হবে এবং রাজনৈতিক পরিচয় বা মতভিন্নতার কারণে কোনো নাগরিকের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তা যেন বিপন্ন না হয়, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, যারা এখনো নিখোঁজ, তাঁদের প্রত্যেকের ভাগ্য ও অবস্থান সম্পর্কে সত্য প্রকাশ করতে হবে। যারা ফিরে এসেছেন, তাঁদের অভিজ্ঞতার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আর যারা আর কখনো ফিরে আসবেন না, তাঁদের পরিবারকে সত্য, স্বীকৃতি ও বিচার দেওয়ার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ‘আর কোনো গুম নয়, আর কোনো পরিবারকে অনন্ত অপেক্ষায় থাকতে হবে না’—এই অঙ্গীকার করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বাণীর শেষাংশে রুহুল কবির রিজভী গুমের শিকার সব ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা, সহমর্মিতা ও সংহতি জানান। একই সঙ্গে ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি তাঁদের পাশে থাকবে বলে উল্লেখ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!