বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ ১ সেপ্টেম্বর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা বটমূলে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
বিএনপির প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের নতুন করে যাত্রা শুরু হয় বলে মনে করে দলটি। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করা হয়েছিল বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বাণীতে তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরেন।
‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির প্রতিষ্ঠা যুগান্তকারী’
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর মতে, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা।
তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মানুষের বাক্স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের পথ রুদ্ধ করে একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠা করা হয়েছিল। জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। এর ধারাবাহিকতায় বিএনপির প্রতিষ্ঠা হয়।
তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়েছিল।
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে স্মরণ
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান। একই সঙ্গে তিনি তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন।
তারেক রহমান বলেন, খালেদা জিয়া তাঁর নেতৃত্ব ও ব্যক্তিত্বের মাধ্যমে বিএনপিকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন।
দলের চেয়ারম্যানের ভাষ্য, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ভূমিকা পালন করেছে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব যখনই হুমকির মুখে পড়েছে, তখনই দলের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা ত্যাগ স্বীকার করেছেন।
প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাঁদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান।
বিএনপি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তারেক
তারেক রহমান বলেন, দেশে যখনই জনগণ অবাধ, সুষ্ঠু ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিভিন্ন সময়ে সরকার পরিচালনার সময় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবার বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি মানুষের আস্থার প্রতিদান দিতে চায়।
বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির অপর নাম জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম।
পাঁচ দিনের কর্মসূচি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গত বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন।
আগামী ৫ সেপ্টেম্বর বেলা ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতা ও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশের পাশাপাশি বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও নেওয়া হয়েছে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এ ছাড়া আজ দেশের বিভিন্ন জেলা ও মহানগর বিএনপি এবং দলের ইউনিটগুলো আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!