জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, দেশের এক চরম ক্রান্তিকালে ৪৮ বছর আগে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই প্রতিষ্ঠার পর থেকে দলটির অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন রিজভী। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান তিনি।
রিজভী বলেন, দেশের সংকটময় সময়ে দুঃশাসন ও নির্যাতনের মধ্যেও বেগম খালেদা জিয়া আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দলের জন্য আত্মত্যাগকারী নেতা-কর্মীদের প্রতিও তিনি শ্রদ্ধা জানান। পাশাপাশি দলের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র বিএনপির মূল আদর্শ’
রিজভী বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ও বহুদলীয় গণতন্ত্র বিএনপির মূল আদর্শ। দলের প্রতিষ্ঠার সময় শহীদ জিয়াউর রহমান প্রণীত ১৯ দফা কর্মসূচি বিএনপির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিত্তি।
তাঁর ভাষ্য, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের ভিত্তিতে বাংলাদেশি পরিচয়কে দেশপ্রেমিক নাগরিকদের মর্যাদার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা বিএনপির প্রধান লক্ষ্য।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান রিজভী। কোনো স্বেচ্ছাচারী শক্তি যাতে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা
রিজভী বলেন, দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা ও স্বৈরাচারী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর সেই সম্ভাবনা আরও এগিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন। তাঁর সাফল্য কামনা করেন রিজভী।
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্র ও সমাজে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
ভোটাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি
রুহুল কবির রিজভী বলেন, জনগণের মতামত ও ভোটাধিকারকে বিএনপি সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেয়। জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা দলটির অঙ্গীকার।
একই সঙ্গে দেশের অর্থনীতি, প্রশাসন, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী করার জন্য সরকার কাজ করছে বলে জানান তিনি।
রিজভীর বক্তব্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য ও সামাজিক অনাচার দূর করে একটি সমৃদ্ধ, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
‘জনগণের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ বিএনপি’
রিজভী বলেন, বিএনপি সবসময় জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের অধিকার ও কল্যাণের জন্য কাজ করেছে। কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী এবং নারী ও শিশুসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে দলটি অঙ্গীকারবদ্ধ।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি কখনো পিছপা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির পতাকাতলে নেতা-কর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!