বাংলাদেশে কানাডার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার (বিবিসিসি) সহসভাপতি ফেরদৌস আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশে কানাডার বিনিয়োগ সুরক্ষায় উপযুক্ত আইনি কাঠামো তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন বিবিসিসির প্রতিনিধিরা।
কানাডার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য ও তথ্যপ্রযুক্তি (আইটি) সেবা রপ্তানি বাড়ানোর সুযোগ তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।
বিবিসিসির প্রতিনিধিরা বলেন, কানাডা চীন ও ভিয়েতনাম থেকে বিপুল পরিমাণ পোশাক আমদানি করে। ফলে কানাডার পোশাকের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
তাঁরা কানাডার বড় তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং বাজারের কথাও তুলে ধরেন। দক্ষ জনবল থাকা সত্ত্বেও বাংলাদেশ বর্তমানে এ বাজারের সামান্য অংশ দখল করে আছে উল্লেখ করে প্রতিনিধিরা বলেন, এ খাতে বাংলাদেশের বড় সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া বাংলাদেশে প্রয়োজনীয় পরীক্ষাগার সুবিধার অভাবে কানাডায় চিংড়ি রপ্তানিতে যে সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটিও বৈঠকে তুলে ধরেন তাঁরা।
রপ্তানি ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ
আলোচনায় শ্যামা ওবায়েদ ইসলাম বাংলাদেশে আরও বেশি কানাডীয় এফডিআই আকর্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নেওয়া উদ্যোগগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিবিসিসির প্রতিনিধিরা জানান, বাংলাদেশের পণ্য কানাডার বাজারে তুলে ধরতে আগামী বছর কানাডায় একটি রোডশো আয়োজনের পরিকল্পনা রয়েছে চেম্বারের। এ উদ্যোগে বাংলাদেশ সরকারের সহযোগিতাও চান তাঁরা।
রোডশো আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে শ্যামা প্রতিনিধিদলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেওয়ার জন্য বিবিসিসিকে অনুরোধ করেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!