রাজনীতি

জামায়াতের রাজনীতি ছিল বিএনপিকে ট্যাগ করা: রাশেদ খান

আপডেট: সেপ্টে ১৬, ২০২৬ : ০৬:০০ এএম
জামায়াতের রাজনীতি ছিল বিএনপিকে ট্যাগ করা: রাশেদ খান

জামায়াত মুখে গণহত্যার বিচারের কথা বললেও তাদের রাজনীতি ছিল বিএনপিকে ট্যাগ করা—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান লেখেন, ‘জামায়াত-এনসিপি মিথ্যা ন্যারেটিভ ছড়িয়ে দিয়েছিল যে বিএনপি সরকার গণহত্যার বিচার করবে না। কিন্তু ওবায়দুল কাদেরসহ খুনিদের ফাঁসির রায়ের মাধ্যমে প্রমাণিত হলো, বিএনপি সরকার অপরাধীদের বিচারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’

তিনি আরও লেখেন, ‘যেখানে গণহত্যার বিচারে জামায়াতের সহযোগিতা কাম্য ছিল, সেখানে উল্টো আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুধু ভোটের রাজনীতির জন্য খুনিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে গণহত্যার বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জামায়াত।’

রাশেদ খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ প্রসিকিউশন দলের প্রশংসা করেন। তাঁর ভাষায়, তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে রায় দিতে তাঁরা ‘অক্লান্ত পরিশ্রম’ করেছেন।

পোস্টের শেষ দিকে জামায়াতের উদ্দেশে রাশেদ খান লেখেন, ‘১৯ সেপ্টেম্বরের লং মার্চ থেকে এত দিন গণহত্যার বিচার নিয়ে বিএনপি সরকারকে মিথ্যা ট্যাগিং করার জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করুন।’

তিনি বলেন, জামায়াতের ‘মিথ্যাচার পরাজিত’ হওয়ায় তাঁর কিছুটা প্রশান্তি লাগছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!