লক্ষ্মীপুরে বিনামূল্যে বিশেষায়িত মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি শুধু নির্বাচনের সময় নয়, বছরের ৩৬৫ দিনই মানুষের পাশে থাকে। অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে।
শনিবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ এ-৩ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এ্যানি বলেন, শিশু, নারী ও বয়স্ক মানুষের স্বাস্থ্যসেবার বিষয়ে সবাইকে আরও মনোযোগী হতে হবে। সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ড্যাব সবসময় অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসেবায় এগিয়ে এসেছে। এই মেডিকেল ক্যাম্পে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি জটিল রোগীদের প্রয়োজনে ঢাকায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী বিরোধী দলের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করেন। তিনি বলেন, বিরোধী দল সংসদে এক ধরনের কথা বললেও বাইরে গিয়ে ভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। গ্যাস ও তেলের দাবিতে আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার ‘একটি ধ্বংসস্তূপের ওপর’ দায়িত্ব নিয়েছে। গত ১৭ বছরের জঞ্জাল সমাধানে যৌক্তিক সময় প্রয়োজন।
কর্মসূচিতে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা, চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এ সময় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!