রাজনীতি

গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই বিরোধী দলগুলো লংমার্চ করতে পারছে: রিজভী

আপডেট: সেপ্টে ২৬, ২০২৬ : ০৫:৪২ এএম ৬ ০
গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই বিরোধী দলগুলো লংমার্চ করতে পারছে: রিজভী

দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে বলেই বিরোধী দলগুলো লংমার্চ, বিক্ষোভ, সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলের কিছু নেতা ‘আজেবাজে কথা’ বলছেন, অপপ্রচার করছেন এবং মঞ্চে উঠে হুমকি দিচ্ছেন। এসব কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, ৫ আগস্টের বিজয় এবং জুলাইয়ের মহান আত্মদানের মাধ্যমে অর্জিত বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা চলছে। জুলাই গণঅভ্যুত্থানের বিজয় রক্ষার দায়িত্ব সবার।

‘রাজপথ জনগণের’

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, রাজপথ কারও কাছে বিক্রি করা হয়নি। এ রাস্তা জনগণের। গণতন্ত্রের জন্য যাঁরা আন্দোলন করেছেন, তাঁদের সবার কর্মসূচি পালনের অধিকার রয়েছে।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসা

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, অস্ত্র নয়, পরিবর্তনের হাতিয়ার হবে যুক্তি, কূটনীতি, শিক্ষা ও শান্তি—এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, বিশ্বের সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সমর্থনের কথা বলেছেন তারেক রহমান।

একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদার ভিত্তিতে প্রত্যাবাসনের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রিজভী বলেন, শান্তি, মানবতা ও মানবিকতার পক্ষে যিনি কথা বলেন, তিনি অশান্তি চান না। জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

সমাবেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও রাজধানীর বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!