রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলেই একটি অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান

আপডেট: সেপ্টে ২৯, ২০২৬ : ০৪:৫৩ এএম ৬ ০
বিএনপি ক্ষমতায় এলেই একটি অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান

বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, উন্নয়ন ও জনগণের পক্ষে অবস্থান নেওয়া দল—এ কারণে দলটি ক্ষমতায় এলেই একটি অপশক্তি এর বিরোধিতা শুরু করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৈরাজ্য সৃষ্টি’, ‘গুপ্ত হামলা’, দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য মো. রফিকুল আলম মজনু।

‘দেশের শান্তি ও উন্নয়ন নস্যাৎ করতে চক্রান্ত’

নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ সময় ধরে বিএনপির নেতা-কর্মী ও শ্রমজীবী মানুষ গুম, খুন, নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। একটি অপশক্তি দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। তারা জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন প্রচেষ্টা নস্যাৎ করতে নানা চক্রান্ত চালাচ্ছে।

দেশের ও নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে ওই অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে শিল্প-বাণিজ্য, কর্মসংস্থান ও মানুষের আয়-উপার্জন ক্ষতিগ্রস্ত হবে। দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।

শ্রমজীবী মানুষের অবদানের কথা তুলে ধরেন

শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, শ্রমজীবী মানুষ কঠোর পরিশ্রম করে হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। মানুষের নিত্যব্যবহার্য যন্ত্রপাতি, পোশাক, কলম, কাগজ, পথঘাট ও বাসস্থান তৈরিতে শ্রমজীবী মানুষের ভূমিকা রয়েছে।

সমাবেশে শ্রমজীবী মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন। নজরুল ইসলাম খানের ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমান বলতেন, ‘আমিও একজন শ্রমিক, আর এই পরিচয়ে আমি গর্ববোধ করি।’ সন্ত্রাস, নৈরাজ্য, গুপ্ত হামলা, গাড়ি পোড়ানো ও বোমাবাজিসহ বিভিন্ন অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির জন্য মুক্তিযুদ্ধের লাখো শহীদ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে মানুষ ত্যাগ স্বীকার করেছে। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শ্রমজীবী ও কর্মজীবী মানুষ—এমন দাবি করেন তিনি। তিনি বলেন, অর্জিত গণতন্ত্র ও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ যারা নস্যাৎ করতে চায়, তারা জনগণের বন্ধু হতে পারে না।

‘বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলে ব্যবস্থা নিতে হবে’

আন্দোলন-সংগ্রামের শরিকদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ‘আল্লাহর ওয়াস্তে এমন কিছু করবেন না যাতে আমাদের প্রতিপক্ষ কোনো সুযোগ পায়।’ দলের ভাবমূর্তি রক্ষার বিষয়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে যারা কাজ করেছেন, তাঁরা অন্যায়-অনাচার, চাঁদাবাজি বা দখলদারিত্বের সঙ্গে যুক্ত নন। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘যে সত্যিকারের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মী, সে অপরাধী হতে পারে না। সে চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী হতে পারে না।’

নজরুল ইসলাম খান আরও বলেন, জনগণ যাদের প্রত্যাখ্যান ও বিতাড়িত করেছে, তারা দেশের শান্তি ও অগ্রগতিতে বাধা দিতে চক্রান্ত চালাবে। তবে দেশের মানুষ তারেক রহমানকে দেশসেবার যে সুযোগ দিয়েছে, তা কাজে লাগাতে তিনি পরিশ্রম করছেন বলে মন্তব্য করেন তিনি। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো তারেক রহমানও বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নজরুল ইসলাম খান। তাঁর বক্তব্য অনুযায়ী, উৎপাদন ও উন্নয়নের অগ্রযাত্রায় শ্রমজীবী, কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ গুরুত্বপূর্ণ সহযোগী হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!