ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ আগামী সোমবার চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ওই দিন কমিশন সভায় নির্বাচনের সময়সূচি ও কত ধাপে নির্বাচন হবে, তা নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আগামী সোমবার আমাদের কমিশন সভা রয়েছে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে তা ঘোষণা করব। তখন নির্বাচনটি কয়টি ধাপে হবে এবং কবে কবে হবে, তা জানানো হবে।’
ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। কমিশন শুধু নির্বাচনের ধাপগুলো নির্ধারণ করে দেবে। শুরুতে যে সময়সীমার কথা বলা হয়েছিল, সেই সময়ের মধ্যেই সব ধাপের নির্বাচন শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়েও আলোচনা
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, সব কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। সোমবার কমিশন সভায় এ বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।
এদিকে ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে কিছু পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি। প্রতিনিধিরা কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং নির্বাচনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নির্বাচন কমিশন তাঁদের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!