বিশ্বনাগরিক হয়ে ওঠার পাশাপাশি নিজ দেশ, শেকড় ও মানুষের প্রতি দায়বদ্ধ থাকার জন্য দেশের মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে প্রতিটি তরুণ কোনো সীমাবদ্ধতা ছাড়াই স্বপ্ন দেখতে ও প্রতিযোগিতা করতে পারবে। সমতা, ন্যায্যতা ও সুবিচারের ভিত্তিতে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ক্রাউন প্লাজা অডিটোরিয়ামে ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি তুলে ধরে মাহদী আমিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, বৈজ্ঞানিক অগ্রগতি ও বৈশ্বিক পরিবর্তন মানুষের দৈনন্দিন জীবনকে নতুনভাবে গড়ে তুলছে। এ সময়ে একাডেমিক উৎকর্ষ গুরুত্বপূর্ণ হলেও শুধু প্রাতিষ্ঠানিক সাফল্য বা ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।
তিনি এমন একটি তরুণ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন, যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, প্রচলিত ধারাকে প্রশ্ন করবে এবং জটিল সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে।
তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, শুধু বর্তমান বিশ্বে সফল হওয়ার স্বপ্ন দেখলে হবে না, নিজেদের মেধা ও সৃজনশীলতা দিয়ে আগামীর পৃথিবীকে নতুনভাবে গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে। উদ্ভাবক, উদ্যোক্তা, বিজ্ঞানী ও গবেষক হওয়ার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে নৈতিক মূল্যবোধ ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, ‘কেবল বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নয়, বরং বিশ্বকে কিছু দেওয়া, নেতৃত্ব দেওয়া এবং পৃথিবীকে আরও সুন্দর করার জন্য নিজেদের গড়ে তুলতে হবে।’ তরুণদের সম্ভাবনা বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। তবে শুধু সম্ভাবনা দিয়ে জাতি গড়ে ওঠে না, মানুষই জাতি গঠন করে। তরুণদের জ্ঞান, সৃজনশীলতা ও দৃঢ় সংকল্প জাতীয় স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তরুণদের বিশ্ব থেকে শেখা, আধুনিক প্রযুক্তিতে দক্ষ হওয়া এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার পরামর্শ দেন তিনি। তবে এসব অর্জনের পাশাপাশি নিজ দেশ, শেকড় ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থাকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেন।
তৈরি পোশাকশিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ যেভাবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে, তেমনি বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোতেও বাংলাদেশিরা নেতৃত্ব দিচ্ছেন বলে উল্লেখ করেন মাহদী আমিন। শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে নিজেদের সমৃদ্ধ করার পাশাপাশি বাংলাদেশকে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করার আহ্বান জানান তিনি।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো ফলাফল ও স্বীকৃতির মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখা যাবে না। সমাজ ও পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। একটি পুরস্কার বা স্বীকৃতি কোনো যাত্রার শেষ নয়, বরং সম্মিলিত দায়িত্ববোধের নতুন সূচনা।
তিনি বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতার প্রমাণ। তবে ভবিষ্যতে তাঁরা কতদূর এগিয়ে যাবেন, তা নির্ভর করবে তাঁদের উচ্চাকাঙ্ক্ষা ও পরবর্তী কর্মপরিকল্পনার ওপর। আনন্দের এ মুহূর্ত উদ্যাপনের পাশাপাশি নিজেদের ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ অব্যাহত রাখতে হবে।
কৃতী শিক্ষার্থীদের মধ্যে থেকেই ভবিষ্যতে নোবেল বিজয়ী, বিশ্বমানের বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্ভাবনী উদ্যোক্তা ও চিন্তাবিদ তৈরি হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মাহদী আমিন। তাঁরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি মানবজাতির জীবনধারা বদলে দিতে পারে—এমন প্রযুক্তি ও প্রতিষ্ঠান গড়ে তুলবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ অঞ্চলের কান্ট্রি লিড সারওয়াত রেজা বক্তব্য দেন। এ ছাড়া কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেভেলপমেন্ট কাউন্সেলর ও ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসনসহ কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট ও ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!