রাজনীতি

জুলাইয়ের নেতৃত্বের ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে ফ্যাসিস্ট সন্ত্রাসীরা: নাহিদ ইসলাম

আপডেট: নভে ২৩, ২০২৬ : ০৫:৩০ এএম ৬ ০
জুলাইয়ের নেতৃত্বের ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে ফ্যাসিস্ট সন্ত্রাসীরা: নাহিদ ইসলাম

জনগণের কাছে চূড়ান্তভাবে ধিক্কৃত ও পরাজিত হওয়ার গ্লানি থেকে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী বের হতে পারেনি। এ কারণে পরিকল্পিতভাবে জুলাইয়ের নেতৃত্বের ওপর একের পর এক হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম।

জুলাইয়ের নেতৃত্বের ওপর ধারাবাহিক এসব হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনার পরও সরকার এখন পর্যন্ত জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। সরকারের দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে।

এসব হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এনসিপির আহ্বায়ক। একই সঙ্গে চোরাগোপ্তা হামলা প্রতিরোধ এবং জুলাইয়ের নেতৃত্ব, শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!