কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সমালোচনার মধ্যেই সফটওয়্যার উন্নয়নে জোর দিচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন ফিচারের পাশাপাশি পুরোনো সমস্যার সমাধানকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সম্মেলনের শুরুতেই অ্যাপল জানায়, ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। সফটওয়্যার বিভাগের প্রধান ক্রেইগ ফেদেরিগি বলেন, বড় পরিবর্তনের পাশাপাশি ছোট ছোট উন্নয়নেও তারা গুরুত্ব দিচ্ছেন। গত কয়েক বছরে অ্যাপলের সফটওয়্যার নিয়ে ব্যবহারকারীদের মধ্যে নানা অসন্তোষ দেখা যায়। নতুন ডিজাইন, তথ্য অনুসন্ধান এবং ফাইল শেয়ারিং ব্যবস্থায় জটিলতা নিয়ে অভিযোগ ছিল ব্যবহারকারীদের।
এবারের সম্মেলনে প্রথমেই এসব সমস্যার সমাধানের দিকটি তুলে ধরে অ্যাপল। এরপর ধাপে ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধাগুলোর ঘোষণা দেওয়া হয়।
অ্যাপলের নতুন ডিজাইন ‘লিকুইড গ্লাস’ নিয়েও ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। স্বচ্ছতার কারণে লেখা পড়তে অসুবিধার অভিযোগ ওঠার পর এবার নিয়ন্ত্রণের সুযোগ বাড়ানো হয়েছে। ব্যবহারকারীরা চাইলে স্বচ্ছতা কমিয়ে আরও স্পষ্ট ইন্টারফেস বেছে নিতে পারবেন।
এ ছাড়া টুলবার, অ্যাপ আইকন এবং ইন্টারফেসে আরও স্পষ্টতা আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের দাবি, নতুন সফটওয়্যারে আইফোন ও আইপ্যাডে অ্যাপ চালুর গতি প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বাড়বে। ছবি লোড হওয়ার গতি বাড়বে ৭০ শতাংশ পর্যন্ত। পাশাপাশি ফাইল ট্রান্সফারের ক্ষেত্রেও উন্নতি আসবে।
পুরোনো ডিভাইসের ব্যবহারকারীদের কথাও বিবেচনায় নেওয়া হয়েছে। ২০১৯ সালে বাজারে আসা আইফোন ১১ থেকেও নতুন কর্মক্ষমতার সুবিধা পাওয়া যাবে বলে জানায় অ্যাপল।
তথ্য অনুসন্ধান ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনা হচ্ছে। ই-মেইল অ্যাপে গুরুত্বপূর্ণ বার্তা অগ্রাধিকার ভিত্তিতে দেখানোর সুবিধা যুক্ত হচ্ছে। স্বাস্থ্য অ্যাপে নারীদের জন্য বিশেষ স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণের নতুন ফিচার যোগ করা হয়েছে।
সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনায় ছিল উন্নত সিরি। নতুন সিরি ব্যবহারকারীর কথার প্রসঙ্গ আরও ভালোভাবে বুঝতে পারবে এবং বিভিন্ন কাজ সম্পাদনেও সহায়তা করবে। তবে এই সুবিধা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং চলতি বছরের শেষ দিকে চালু হতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলসহ অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অ্যাপল কিছুটা পিছিয়ে থাকলেও নতুন উদ্যোগের মাধ্যমে সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!