প্রযুক্তি

এআইচালিত নতুন ‘সিম্ফনি এজেন্ট’ আনল টিকটক

আপডেট: জুলা ০২, ২০২৬ : ০৫:২৩ এএম
এআইচালিত নতুন ‘সিম্ফনি এজেন্ট’ আনল টিকটক

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক বিজ্ঞাপন ও কনটেন্ট তৈরিকে আরও সহজ করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল ‘সিম্ফনি এজেন্ট’ উন্মোচন করেছে। ব্র্যান্ড ও কনটেন্ট নির্মাতাদের জন্য তৈরি এই টুলের মাধ্যমে অল্প সময়েই বিজ্ঞাপনের খসড়া ও প্রচারণামূলক কনটেন্ট তৈরি করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬–এ নতুন এআই টুলটির ঘোষণা দেয় টিকটক। প্রতিষ্ঠানটির দাবি, স্থানীয় সংস্কৃতি ও ব্যবহারকারীদের আগ্রহ বিবেচনায় রেখে কনটেন্ট তৈরিতে সহায়তা করবে ‘সিম্ফনি এজেন্ট’। ফলে ব্র্যান্ডগুলো আরও কার্যকরভাবে তাদের লক্ষ্যভিত্তিক দর্শকের কাছে পৌঁছাতে পারবে।

ডিজিটাল বিপণনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং স্বল্প সময়ে বেশি কনটেন্ট তৈরির চাহিদা বিবেচনায় রেখে টুলটি তৈরি করা হয়েছে। টিকটকের বিদ্যমান সৃজনশীল টুলগুলোর সঙ্গে সমন্বয় করে এটি কাজ করবে। একটি সাধারণ ধারণা থেকেই কয়েক মিনিটের মধ্যে বিজ্ঞাপনের খসড়া তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

দক্ষিণ এশিয়ায় সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিও–এর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা এআইচালিত চ্যাটব্যবস্থা ব্যবহার করে টিকটকের উপযোগী ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারবেন।

নতুন টুলটিতে নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এআই দিয়ে তৈরি কনটেন্টে স্বয়ংক্রিয়ভাবে লেবেল যুক্ত হবে। পাশাপাশি থাকবে অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট পর্যালোচনার ব্যবস্থা, যাতে এআই ব্যবহার হলেও বিভ্রান্তি কমে এবং স্বচ্ছতা বজায় থাকে।

টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্লোবাল বিজনেস সলিউশনের মহাব্যবস্থাপক সাদি কান্দিল বলেন, টিকটকের সবচেয়ে বড় শক্তি সৃজনশীলতা। ‘সিম্ফনি এজেন্ট’ ব্র্যান্ডগুলোকে দর্শকের আগ্রহ বিশ্লেষণ, নতুন কনটেন্ট তৈরি এবং প্রচারণার ফলাফল দ্রুত মূল্যায়নে সহায়তা করবে। পাশাপাশি উপযুক্ত নির্মাতা ও কমিউনিটিভিত্তিক কনটেন্ট খুঁজে পাওয়াও সহজ হবে।

টিকটকের মতে, ব্যবহারকারীরা এখন আরও বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক কনটেন্টের প্রতি আগ্রহী। সেই চাহিদা পূরণে নতুন এআই টুলটি ব্র্যান্ড, নির্মাতা ও ব্যবহারকারীদের মধ্যে আরও কার্যকর সংযোগ তৈরি করবে এবং প্ল্যাটফর্মে বিপণন কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আরএস-

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!