কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট সহজে শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টিকটক। ব্যবহারকারীদের নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে শিক্ষামূলক কার্যক্রম, নতুন শনাক্তকরণ প্রযুক্তি ও সুরক্ষা ব্যবস্থা চালুর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টিকটক জানিয়েছে, এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে ব্যবহারকারীদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষামূলক নির্দেশিকা, স্প্যাম শনাক্তের উন্নত পদ্ধতি এবং কনটেন্ট যাচাইয়ের প্রযুক্তি।
কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ব্যবহারকারীদের ধারণা বাড়াতে নিউজ অ্যান্ড মিডিয়া লিটারেসি অ্যালায়েন্স এবং ডিপফেক গবেষক হেনরি আইডারের সঙ্গে যৌথভাবে একটি ব্যবহারিক নির্দেশিকা তৈরি করেছে টিকটক।
টিকটকের বৈশ্বিক জননীতি দলের এআই প্রধান টম ভার্গিস বলেন, এআই-নির্মিত কনটেন্ট শনাক্ত করা, দায়িত্বশীলভাবে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং সৃজনশীলতা বাড়াতে প্রযুক্তি, অংশীদারত্ব ও সচেতনতামূলক কার্যক্রমে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।
ভুয়া অ্যাকাউন্ট ও স্প্যামের বিরুদ্ধে ব্যবস্থা
টিকটক জানিয়েছে, ভুয়া তথ্য ও স্প্যাম প্রতিরোধে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে।
রাজনীতি, সাম্প্রতিক ঘটনা, স্বাস্থ্য ও আর্থিক পরামর্শসংক্রান্ত স্প্যাম দ্রুত শনাক্ত করতে নতুন প্রযুক্তি পরীক্ষার কাজও শুরু করেছে প্রতিষ্ঠানটি।
ভিডিওতে এআই শনাক্তের ব্যবস্থা
এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্তে কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেন্টিসিটি (সি২পিএ) স্টিয়ারিং কমিটিতে যোগ দিচ্ছে টিকটক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভিডিওর পরিচয়পত্র, নির্মাতার লেবেল এবং নিজস্ব অদৃশ্য জলছাপ প্রযুক্তির মাধ্যমে ইতোমধ্যে ৩০০ কোটির বেশি ভিডিওতে লেবেল যুক্ত করা হয়েছে।
এর ফলে ব্যবহারকারীরা কোনো ভিডিও এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না, তা সহজে বুঝতে পারবেন।
এ ছাড়া ‘স্মার্ট স্প্লিট’ ও ‘এআই আউটলাইন’ নামের নতুন সুবিধা চালুর বিষয়েও কাজ করছে টিকটক। ‘ম্যানেজ টপিকস’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফিডে এআই-সম্পর্কিত কনটেন্টের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবেন।
টিকটকের ভাষ্য, স্বচ্ছতা, প্রযুক্তিগত উদ্ভাবন ও ব্যবহারকারীদের সচেতনতার মাধ্যমে একটি নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ তৈরির কাজ অব্যাহত থাকবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!