সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে বরাদ্দ বাড়ানোর বিষয়ে ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের কল্যাণে বর্তমানে ট্রাস্টে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যদি আমরা এই অর্থবছরে পুরোটা দিতে না পারি, আগামী অর্থবছরের মধ্যে ২৫ কোটি টাকা বরাদ্দ আমাদের সাংবাদিক ভাই-বোনদের জন্য অনুমোদন করা যাবে।’
তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকারের পক্ষ থেকে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আরও বেশি সাংবাদিক ও তাঁদের পরিবারকে সহায়তা দেওয়া সম্ভব হবে।
ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ অতিথিরা ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানও বক্তব্য দেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!