সাংবাদিকেরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, সাংবাদিকেরা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অপরাধবিষয়ক সাংবাদিকদের ঝুঁকি ও চ্যালেঞ্জের কথা তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, ক্রাইম রিপোর্টিং করা সাংবাদিকেরা অত্যন্ত ঝুঁকির মধ্যে কাজ করেন। এ কারণে অনেক সময় তাঁদের চড়া মূল্যও দিতে হয়। দেশে সাংবাদিকদের পর্যাপ্ত সুরক্ষা দিতে এখনো কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি সম্প্রতি এই দায়িত্ব গ্রহণ করেছি। কতখানি পালন করতে পারব জানি না, তবে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই আমাদের কাজ করতে হবে।’
সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন, সরাসরি এসে কথা বলতে পারবেন। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ বলে আপনাদের সমস্যাগুলো আমি সহজেই উপলব্ধি করি।’
নিজ মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাগুলোর বিষয়ে মন্ত্রী বলেন, তাঁর মন্ত্রণালয়ের আওতাধীন ১৫টি দপ্তর ও সংস্থার প্রতিটির প্রতিই তাঁর দায়িত্ব রয়েছে। গত ১৭ বছরে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সেখান থেকে সবকিছুকে সঠিক ধারায় ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, ‘খালি জায়গায় নতুন ভবন নির্মাণ করা সহজ। কিন্তু পুরোনো ও জরাজীর্ণ ভবন সংস্কার করে দাঁড় করানো অনেক বেশি কঠিন কাজ।’
সাংবাদিকদের যুক্তিসংগত প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়ে আন্দালিভ রহমান বলেন, ‘যখনই প্রয়োজন মনে করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। সবাই মিলে সমস্যার সমাধান করব। সরকার আপনাদের পাশে আছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সংগঠনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ক্র্যাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের অপরাধবিষয়ক সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!