পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের পর মার্কেট ও বাসাবাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। একই সঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল নির্বিঘ্ন রাখতে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার ছোট কাটারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।
আবদুস সালাম বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা শুধু আইনগত বাধ্যবাধকতা নয়, নিজেদের জীবন ও সম্পদ রক্ষার জন্যও জরুরি। এই অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে আশপাশের মার্কেট ও ভবনে যথাযথ অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে ক্ষয়ক্ষতি অনেক কমানো সম্ভব হতো।
চকবাজারের রাস্তাঘাট দখলমুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি আরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারত বলে মন্তব্য করেন তিনি। অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান না বসানোর পাশাপাশি জরুরি সেবা ও সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত রাখতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান প্রশাসক। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতাও চান তিনি।
আগুনের কারণ তদন্তে জানা যাবে
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে ডিএসসিসি প্রশাসক বলেন, তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের নেতৃত্বে তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম চলছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্যাগ তৈরির একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। আশপাশে তৈরি পোশাকের একাধিক দোকান ও কারখানা ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনাস্থলে অযথা ভিড় না করে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মীদের কাজ করার সুযোগ দিতে হবে।
পুরান ঢাকার সংকট সমাধানে উদ্যোগ
পুরান ঢাকায় বারবার অগ্নিকাণ্ড এবং আগুন নেভাতে পানির স্বল্পতা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, এলাকার বর্তমান অবকাঠামোগত সংকট এক দিনে তৈরি হয়নি। উত্তরাধিকারসূত্রে পাওয়া এসব সমস্যা সমাধানে বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।
তিনি জানান, পুরান ঢাকার পুকুর সংরক্ষণ ও সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার ড্রেনেজ ব্যবস্থার সার্বিক সংস্কারকাজও হাতে নেওয়া হয়েছে।
চকবাজারে রাসায়নিক পদার্থের কারণে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রশাসক বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে রাসায়নিকের লাইসেন্স দেওয়া বন্ধ রাখা হয়েছে। তাঁর দাবি, এর ফলে রাসায়নিক-সংশ্লিষ্ট বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা আগের তুলনায় অনেক কমেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের প্রতি সমবেদনা জানান আবদুস সালাম। তিনি বলেন, বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনে
প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে চকবাজারের ছোট কাটারায় এসি মসজিদের পাশে অবস্থিত মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট সমন্বিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!