প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া কথা রাখেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তাঁর দাবি, বিএনপি জনগণের দল এবং জনগণের জন্য কাজ করে এই দল।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর মিরপুর-১৩-এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা-১৫ আসনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম খান বলেন, ফ্যামিলি কার্ড বিএনপির ঘোষিত কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত এই কার্ড জনগণের জন্য উপহার। জনগণের কল্যাণে বিএনপিই কাজ করে বলে দাবি করেন তিনি।
ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা
ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে দলের ভেতরে কেউ বিভ্রান্তি ছড়ানোর বা অনিয়মের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন ডিএনসিসি প্রশাসক।
তিনি বলেন, প্রকৃত ও উপযুক্ত পরিবারগুলো যেন ফ্যামিলি কার্ড পায়, তা নিশ্চিত করতে হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের বিভেদ বা বিভক্তি তৈরি করা যাবে না।
জনগণের পাশে থাকলেই মিলবে মনোনয়ন
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে জনসেবাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান শফিকুল ইসলাম খান। তিনি বলেন, যাঁরা জনগণের জন্য কাজ করবেন এবং নগরীর ডেঙ্গু মোকাবিলা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন, তাঁরাই দলের মনোনয়ন পাবেন। জনগণের জন্য কাজ না করলে মনোনয়ন পাওয়া যাবে না।
ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ
রাজধানীর সড়ক ও ফুটপাত নিয়ে ডিএনসিসির পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রশাসক। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই ঢাকা উত্তরের সড়ক ও ফুটপাত হকারমুক্ত করা হবে। নগরবাসীকে নান্দনিক ফুটপাত উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!