বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও কর্মজীবী মানুষ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এ তথ্য জানান। তিনি বলেন, আজমপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অফিসের ব্যস্ত সময়ে সড়ক অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে।
বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবি
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সমাধান পাননি তাঁরা। এ কারণে বাধ্য হয়ে সড়কে নেমেছেন বলে জানান শ্রমিকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে রেখেছেন।
এর আগের দিন বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর এয়ারপোর্ট গোলচত্বরেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। সে সময় তাঁরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!