রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল আটটার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনে হামলা চালায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীরা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলেও কাচের দরজার কারণে প্রবেশ করতে পারেননি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
হামলার সময় কার্যালয়ে ছিলেন নেতাকর্মীরা
শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তাঁরা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তাঁরাও ওই ভবনে ছিলেন।
মামুন পাটোয়ারীর ভাষ্য, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। তাঁরা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাঁরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
তিনি আরও অভিযোগ করেন, পুলিশকে খবর দেওয়া হলেও হামলার বেশির ভাগ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে।
ফুটপাত উচ্ছেদ অভিযান নিয়ে সন্দেহ
মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাঁদের কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভাঙচুর করা হয়েছে।
সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টি হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।
হামলার পর ভবনটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন। তবে ঘটনার পর সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!