দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করা হলে পরিস্থিতি আরও উন্নতি হবে এবং এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসতে পারে।
শুক্রবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে কোনো টিকার ঘাটতি নেই। পর্যাপ্ত মজুত থাকায় আগামী জুন মাস পর্যন্ত নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম চালানো সম্ভব হবে। তবে শূন্য দশমিক শূন্য পাঁচ (০.০৫) সিরিঞ্জের কিছু ঘাটতির আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, এ ঘাটতি পূরণে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে আংশিক সরবরাহ পাওয়া যাবে এবং মে মাসের মধ্যে পুরো ঘাটতি পূরণ হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে হামের রোগীরা ঢাকায় আসায় রাজধানীর হাসপাতালগুলোতে চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলের হাসপাতালগুলোতে হামের চিকিৎসা জোরদার করা হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য খাতে কিছু জনবলের ঘাটতি রয়েছে, যা চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
টিকাদান কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে এটি আরও বৃহৎ পরিসরে চালু করা হবে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!