স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জিনএক্সপার্ট কার্টিজ ও শিশুদের যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বর্তমানে টিকাদান কার্যক্রমের আওতায় ৬১ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাকি শিশুদেরও কাভার করা সম্ভব হবে। তিনি বলেন, “আগামী এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে। এরই মধ্যে অনেক এলাকায় শতভাগ অর্জিত হয়েছে।”
তিনি আরও বলেন, প্রথম দফায় ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরুর পর সেখানে এখন হামের কোনো রোগী শনাক্ত হয়নি।
হাম প্রতিরোধ কার্যক্রম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘ সময় টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় জরুরি ভিত্তিতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিসেফ, গ্যাভি, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই ২০ এপ্রিল থেকে সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ৫ মে থেকে শুরু করার পরিকল্পনা থাকলেও তা আগেই বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়েছে, যা যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।
মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ভ্যাকসিন ও সিরিঞ্জের কোনো সংকট নেই এবং সব সরঞ্জাম আগামীকাল থেকেই দেশের সব টিকাকেন্দ্রে পৌঁছে যাবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!