আগামী ৮ বছরের মধ্যে দেশের কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার শাখাওয়াত হোসেন বকুল।
শনিবার নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে তাদের ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হবে। যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে, তাদের তথ্য সংগ্রহ করে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সবাইকে ভাতার আওতায় আনা হবে এবং এর জন্য কাউকে কোনো ধরনের অর্থ দিতে হবে না। কেউ টাকা দাবি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তিনটি মৌলিক বিষয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জনগণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং সন্তানদের সুশিক্ষায় বড় করতে পারে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে একসময় হাম রোগে শিশুমৃত্যুর হার বেশি ছিল এবং ওষুধের সংকটও দেখা দিয়েছিল। বর্তমানে নতুন ওষুধ সরবরাহ এবং টিকাদান কর্মসূচি জোরদার করার মাধ্যমে পরিস্থিতির উন্নতি হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, একটি দালালচক্র লেবার পেইনের ভয় দেখিয়ে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন করিয়ে নারীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৩৬৬ জন উপকারভোগীর মধ্যে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া এবং স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!