স্বাস্থ্য

হামের রোগীদের দায়িত্বে থাকা চিকিৎসক-নার্সদের ঈদের ছুটি বাতিল

আপডেট: মে ২৪, ২০২৬ : ০৬:৫৩ এএম
হামের রোগীদের দায়িত্বে থাকা চিকিৎসক-নার্সদের ঈদের ছুটি বাতিল

হামে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্বে থাকা চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল করেছে সরকার। শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মন্ত্রী বলেন, যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি রয়েছে, সেসব হাসপাতালে ঈদের ছুটির সময়ও চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “হাম রোগীদের চিকিৎসাসেবায় দায়িত্বরত কোনো ডাক্তার ও নার্সের ঈদের ছুটি হবে না। তাদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি।”

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ঈদের ছুটির মধ্যেও হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের বিস্তার ঠেকাতে টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের জ্বর, শরীরে লালচে দাগ, কাশি বা চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!