স্বাস্থ্য

নারীদের জন্য কেন বিটরুট গুরুত্বপূর্ণ? জেনে নিন স্বাস্থ্য উপকারিতা

আপডেট: জুন ০৩, ২০২৬ : ০৬:৩৪ এএম
নারীদের জন্য কেন বিটরুট গুরুত্বপূর্ণ? জেনে নিন স্বাস্থ্য উপকারিতা

পুষ্টিগুণে ভরপুর বিটরুটকে অনেকেই সুপারফুড হিসেবে বিবেচনা করেন। কম ক্যালোরি, উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ এই সবজি সাধারণভাবে সবার জন্যই উপকারী। তবে বিশেষজ্ঞদের মতে, নারীদের স্বাস্থ্যের জন্য বিটরুট বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিটরুটে থাকা ফোলেট প্রজনন স্বাস্থ্যকে সহায়তা করে, যা গর্ভধারণের পরিকল্পনা করা নারীদের জন্য বিশেষভাবে উপকারী। পাশাপাশি এর অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ-বিরোধী উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং ক্লান্তি কমিয়ে শরীরকে সতেজ রাখে।

রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক

বিটরুটে থাকা আয়রন ও ফোলেট রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে সহায়তা করে। বিশেষ করে মাসিকের সময় শরীরে আয়রনের ঘাটতি পূরণে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন পুষ্টিবিদরা।

হৃদযন্ত্রের জন্য উপকারী

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বিটরুটে থাকা উপাদান শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে, যা রক্তনালী প্রসারিত করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ফলে নিয়মিত বিটরুট খাওয়ার অভ্যাস হৃদস্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।

ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়

বিটরুটে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে। এতে ত্বকের প্রদাহ কমে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে বলে দাবি পুষ্টি বিশেষজ্ঞদের।

শক্তি বাড়াতে সহায়ক

নিয়মিত বিটরুটের রস পান করলে শরীরে অক্সিজেন প্রবাহ উন্নত হয়। এতে ক্লান্তি কমে এবং দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় শক্তি বজায় থাকে।

গর্ভাবস্থায় উপকারী

গর্ভবতী নারীদের জন্য ফোলেটসমৃদ্ধ খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটরুটে থাকা ফোলেট শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের সুস্থ বিকাশে সহায়তা করে বলে চিকিৎসকদের পরামর্শে এটি খাদ্যতালিকায় রাখা হয়।

সতর্কতা

বিটরুট সাধারণত নিরাপদ হলেও অতিরিক্ত খেলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন—প্রস্রাব বা মল লালচে হয়ে যাওয়া (বিটুরিয়া), যা ক্ষতিকর নয়। তবে যাদের কিডনিতে পাথরের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে বিটরুটে থাকা অক্সালেট ঝুঁকি তৈরি করতে পারে—তাই এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিমাণে বিটরুট নিয়মিত খাদ্যতালিকায় রাখলে এটি নারীদের সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!