স্বাস্থ্য

ক্যান্সার-কিডনি–সহ ৬ রোগের চিকিৎসায় ৪৯ কোটি টাকা বরাদ্দ

আপডেট: জুন ০৮, ২০২৬ : ০৬:১৪ এএম
ক্যান্সার-কিডনি–সহ ৬ রোগের চিকিৎসায় ৪৯ কোটি টাকা বরাদ্দ

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ার মতো জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত দুঃস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় ৪৯ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

২০২৫–২৬ অর্থবছরের চতুর্থ কিস্তিতে এ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই অর্থ দেশের ৬৩ জেলার ৯ হাজার ৮৮৯ জন রোগীর মধ্যে বিতরণ করা হবে।

চিকিৎসা ব্যয়ের ক্রমবর্ধমান চাপের মধ্যে সরকারের এ সহায়তা কর্মসূচি দরিদ্র রোগী ও তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল এসব রোগে আক্রান্ত অনেক পরিবারকে চিকিৎসার খরচ মেটাতে জমি বিক্রি, ঋণ গ্রহণ বা সঞ্চয় ভেঙে ফেলতে হয়। এ পরিস্থিতিতে সরকারি সহায়তা চিকিৎসা ব্যয়ের একটি অংশ বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস বলেন, নির্ধারিত নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে প্রকৃত রোগীদের সহায়তা দেওয়া হয়।

তিনি বলেন, “চিকিৎসা ব্যয়ের তুলনায় এই সহায়তার পরিমাণ সীমিত হলেও এটি দরিদ্র রোগীদের জন্য অত্যন্ত সহায়ক। দ্রুত সময়ের মধ্যে অর্থ ছাড় দিয়ে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশনা রয়েছে।”

সহায়তা পেতে বিলম্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অনেক ক্ষেত্রে রোগ শনাক্ত হওয়ার পর দেরিতে আবেদন করায় সমস্যার সৃষ্টি হয়। রোগ নির্ণয়ের সঙ্গে সঙ্গে আবেদন করলে অধিকাংশ ক্ষেত্রে সময়মতো সহায়তা পাওয়া সম্ভব।

এ কারণে রোগী, স্বজন ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর প্রতি দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!