স্বাস্থ্য

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: জুন ০৮, ২০২৬ : ০৬:৩২ এএম
১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের ওষুধ বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ সোমবার (৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশীয় ওষুধ শিল্পের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এখন ১৪০টি দেশে বাংলাদেশি ওষুধ রপ্তানি হচ্ছে। দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন উৎপাদন করতে পারলে এ বাজার আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে স্বাস্থ্য খাতে বিভিন্ন ঘাটতি থাকলেও বর্তমানে দেশীয় ওষুধ শিল্পের সহায়তায় অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হচ্ছে। বিশেষ করে ভ্যাকসিন উৎপাদনে সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী জানান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) অনুদান হিসেবে দিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্টোরে আরও এক লাখ স্যালাইন মজুত রয়েছে এবং উপজেলা পর্যায়ে ২০ থেকে ২৫ হাজার স্যালাইন ছড়িয়ে রয়েছে।

তবে জরুরি পরিস্থিতিতে আরও স্যালাইনের প্রয়োজন হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া শোকজের জবাব দিতে আরও দুই দিন সময় দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মঙ্গলবার (৯ জুন) পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, তদন্তে আইনগত ব্যত্যয় বা অপরাধ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ মুহিত বলেন, ডেঙ্গু মৌসুম সামনে রেখে রোগীর চাপ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ওষুধ শিল্পকে আরও বিকশিত করতে নীতিগত সহায়তার বিষয়ে সরকার কাজ করছে। দেশের মানুষকে সঠিক ওষুধ সঠিক দামে বা প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!