আগামী ছয় মাসের মধ্যে দেশের ৫০ শয্যাবিশিষ্ট সব সরকারি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে দেশের সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর চাপ কমাতে উপজেলা পর্যায়েই উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। কিডনি রোগীদের যেন ডায়ালাইসিসের জন্য ঢাকায় ছুটতে না হয়, সে লক্ষ্যেই প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের সার্বিক কল্যাণেও সরকার গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্য খাতের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমও সমন্বিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, সেলাই মেশিন, হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!