আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইন, ২০২২–এর ৭ ধারার ক্ষমতাবলে সরকার তাঁকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে।
ড. এম এ মুহিতের পাশাপাশি সরকারের প্রতিনিধি হিসেবে আরও তিনজনকে ট্রাস্টি বোর্ডের সদস্য করা হয়েছে। তাঁরা হলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জনস্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক বিশেষজ্ঞ ড. গোলাম মহিউদ্দিন খান সাদী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে এ–সংক্রান্ত পূর্ববর্তী সব আদেশ বাতিল বলে গণ্য হবে।
সিরাজগঞ্জ–৬ আসনের সংসদ সদস্য ড. এম এ মুহিত জনস্বাস্থ্য, চিকিৎসা গবেষণা এবং স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞানে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০০০ সাল থেকে তিনি লন্ডনের ইনস্টিটিউট অব অফথালমোলজি ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। এ ছাড়া জার্মানি, অস্ট্রেলিয়া, ভারত ও নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিশুদের চক্ষুরোগ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা প্রতিরোধে তাঁর গবেষণা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘গ্লোবাল আই হেলথ হিরো’সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ বিশ্বের ৫০টির বেশি দেশে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে বক্তা হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!