স্বাস্থ্য

দুর্নীতি প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: জুলা ০৫, ২০২৬ : ০৫:৪৬ এএম
দুর্নীতি প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করার নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও ঘুষের কোনো সুযোগ রাখা হবে না।

শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানে বদলি নয়—চাকরিচ্যুত করা হবে। ট্রান্সফারে আমি বিশ্বাস করি না। সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি ও ঘুষের বাণিজ্য কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।’

স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোকেও আধুনিকায়ন করা হবে। স্বাস্থ্য খাতে চলতি বছর থেকেই বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্যে নতুন নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পান।

বাজেট প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চলতি অর্থবছরের বাজেট আদর্শভিত্তিক। এই বাজেটের প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য খায়রুল কবির খোকন, মঞ্জুর এলাহী, আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!