স্বাস্থ্য

নারীর স্বাস্থ্যসেবায় ডিজিটাল অ্যাপ চালুর ওপর জোর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট: জুলা ১৫, ২০২৬ : ০৫:১৫ এএম
নারীর স্বাস্থ্যসেবায় ডিজিটাল অ্যাপ চালুর ওপর জোর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নারীর স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে ডিজিটাল স্বাস্থ্য অ্যাপ চালুর ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং তরুণ চিকিৎসকদের আন্তর্জাতিক মানের উচ্চতর প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘হার হেলথ বাংলাদেশ: নারীদের স্বাস্থ্য ও কল্যাণ ত্বরান্বিতকরণ, জাতীয় মাতৃস্বাস্থ্য এবং জরায়ুমুখ ও স্তন ক্যানসার কর্মসূচি শক্তিশালীকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে এবং ইউএনএফপিএর সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, নারীস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। জনগণ যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, কর্মসূচির ‘ডিজিটাল হেলথ অ্যান্ড ইনোভেশন’ অংশটি অত্যন্ত সময়োপযোগী। এ উদ্যোগের আওতায় এমন একটি দ্বিমুখী ডিজিটাল অ্যাপ তৈরি করা প্রয়োজন, যার একটি অংশ ব্যবহার করবেন রোগীরা এবং অন্য অংশ ব্যবহার করবেন স্বাস্থ্যসেবাদানকারী কর্মীরা।

তার ভাষ্য, এই অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের স্বাস্থ্যতথ্য দ্রুত সংগ্রহ করা সম্ভব হবে। একই সঙ্গে রোগীরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ফলো-আপের সময়সূচি, রিমাইন্ডার এবং স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয় সচেতনতামূলক তথ্য সহজেই জানতে পারবেন।

সেমিনারে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে বর্তমানে কর্মরত তিন ধরনের ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীকে একীভূত করে ‘কমিউনিটি হেলথ ওয়ার্কার’ নামে একটি সমন্বিত বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) শাহ ইমাম আলী রেজা, ইউএনএফপিএ-বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন ক্যামকং, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!