স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি বলেন, লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।
শনিবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনের সময় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। প্রায় আড়াই ঘণ্টা ধরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মান, চিকিৎসক সংকট, মেয়াদোত্তীর্ণ ওষুধ, রোগীদের খাবারের মানসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণ ভোট দিয়ে সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই তাঁদের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে। অতীতের সীমাবদ্ধতার কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিদ্যমান সক্ষমতা দিয়েই গরিব ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, কেউ যেন চিকিৎসার অভাবে মারা না যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। এ জন্য মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন। সেখানে তিনি আধুনিক অপারেশন থিয়েটার স্থাপন, চিকিৎসক ও নার্সের সংকট নিরসন, ল্যাবরেটরি ও প্যাথলজি সেবার উন্নয়ন এবং টেকসই হাসপাতাল ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!