থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা ও সেবায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, থ্যালাসেমিয়া রোগীদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।
শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) আয়োজিত ‘রক্তদাতা সম্মাননা–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই।’ তিনি স্বেচ্ছায় রক্তদাতাদের ভূয়সী প্রশংসা করে বলেন, একজন তরুণ ৪১ বার এবং আরেকজন ৩৮ বার রক্ত দিয়ে থ্যালাসেমিয়া রোগীদের জীবন বাঁচাতে ভূমিকা রেখেছেন। তাঁদের এই মানবিক উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়।
স্বাস্থ্যমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাস্থ্যসেবাবিষয়ক উদ্যোগের কথা তুলে ধরে বলেন, তিনি দেশের বিভিন্ন এলাকায় চিকিৎসকদের নিয়ে যেতেন এবং মানুষকে স্বাস্থ্যসচেতন করতে খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দিতেন। সুস্থ জাতি গঠনে সচেতনতার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
রোগ প্রতিরোধে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে ক্যানসার, কিডনি ও লিভারের মতো জটিল রোগের প্রকোপ বাড়ছে। এ পরিস্থিতিতে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও রোগ প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
অনুষ্ঠানে নিয়মিত রক্তদাতা ব্যক্তি এবং রক্তদান কার্যক্রমে অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!