স্বাস্থ্য

জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ শুরু করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: আগ ১০, ২০২৬ : ০৫:৪০ এএম
জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ শুরু করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।

রোববার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করব। এ জন্য যা যা করা প্রয়োজন, ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। দেশকে উন্নত করার পাশাপাশি স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি।’

সরকারি কর্মকর্তাদের কর্মস্থলে অনুপস্থিতি এবং স্বাস্থ্যসেবার সরঞ্জাম অযত্নে নষ্ট হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, আগের সরকারের সময়ে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম ফেলে রেখে নষ্ট করা হয়েছে। বিভিন্ন হাসপাতালেও অব্যবস্থাপনা দেখা গেছে। এ ধরনের পরিস্থিতি থেকে বের হয়ে দেশকে কত দ্রুত উন্নত করা সম্ভব হবে, তা বলা কঠিন।

আগামী সেপ্টেম্বরের শেষ দিকে দেশব্যাপী ব্যাপকভাবে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন চালানোর কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সহজে মানুষের কাছে পরিবার পরিকল্পনার বিভিন্ন উপকরণ পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে জন্মহার কমানোর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন। সেখানে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম এবং হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!