স্বাস্থ্য

বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: আগ ৩০, ২০২৬ : ০৫:২০ এএম
বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং এ সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়েছে।

শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালয়েশিয়া পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন। দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করা হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহুদা ওথম্যান দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মো. ফজলুল হকসহ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!