স্বাস্থ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক বছরের মধ্যে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: সেপ্টে ০২, ২০২৬ : ০৫:৪৭ এএম ১১
প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক বছরের মধ্যে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী এক বছরের মধ্যে দেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি জেলা থেকে জেলায় ঘুরছেন। এরই মধ্যে প্রতিটি জেলায় একাধিক হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। এসব পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত হচ্ছে।

জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন রয়েছে। এসব নির্বাচনে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের অবস্থান সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। দলের পক্ষ থেকেও প্রতিবেদন পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যাঁকে চূড়ান্ত মনোনয়ন দেবেন, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনেকে দলের জন্য মিছিল-মিটিং করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। তবে নির্বাচনে যিনি জয়ী হতে পারবেন না, তাঁকে মনোনয়ন দেওয়া হবে না।

তিনি আরও বলেন, প্রার্থী বাছাইয়ে মূল বিবেচনা হবে জনপ্রিয়তা—যাঁকে মানুষ ভোট দেবেন, তাঁকেই মনোনয়ন দেওয়া হবে। পাশাপাশি দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতা-কর্মীদের বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত

মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সভায় বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুইচগেট এলাকায় গিয়ে শেষ হয়।

পরে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।

আরএস-রাসেল
 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!