স্বাস্থ্য

হাম-রুবেলার টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু

আপডেট: সেপ্টে ১৪, ২০২৬ : ০৪:৫৯ এএম ৪০ ০
হাম-রুবেলার টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু

চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় দেশে এখন পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। এটি নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি। শুরুতে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৮ শতাংশ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দফায় ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় এ কর্মসূচি শুরু হয়। এরপর ১২ এপ্রিল দ্বিতীয় দফায় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ—এই চার সিটি করপোরেশন এলাকায় টিকাদান শুরু হয়।

সর্বশেষ ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়, যা এখনো চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশে এখনো হামের প্রাদুর্ভাব থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে হাম প্রতিরোধে আবারও ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম-রুবেলা টিকার সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিশু টিকা পেয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে টিকা পেয়েছে ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন শিশু। এরপর চট্টগ্রাম বিভাগে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন এবং রাজশাহী বিভাগে ২২ লাখ ১৩ হাজার ১৯৭ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।

এ ছাড়া রংপুর বিভাগে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ জন, খুলনা বিভাগে ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬ জন, সিলেট বিভাগে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ জন এবং বরিশাল বিভাগে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ জন শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে।

সিটি করপোরেশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিশু টিকা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। সেখানে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় টিকা পেয়েছে ৪ লাখ ১৮ হাজার ৯৭২ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৩ লাখ ৩৬ হাজার ৮৭০ জন শিশু।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকা দেওয়া একটি চলমান প্রক্রিয়া। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপকভাবে হামের টিকা দেওয়ার ঘোষণা সরকারের বাড়তি তৎপরতার অংশ। তিনি বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো, কোনো শিশু যেন টিকা নেওয়া থেকে বাদ না পড়ে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!