বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদার করতে চিকিৎসক প্রশিক্ষণ, স্বাস্থ্যকর্মী বিনিময়, যৌথ গবেষণা ও উন্নত স্বাস্থ্য প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
চীনের হাইনান প্রদেশের হাইকো সিটিতে হাইনান জেনারেল পিপলস হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার এ আলোচনা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য ও চিকিৎসাসেবায় বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে দুই দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
আলোচনায় বাংলাদেশে চীনা বিনিয়োগের আহ্বান জানান সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি চীনের চিকিৎসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের আধুনিক ও মানসম্মত হাসপাতাল নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার চীনা বিনিয়োগকারী ও স্বাস্থ্য খাতের যৌথ প্রকল্পে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও নিরাপত্তা নিশ্চয়তা দেবে।
বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ সুবিধা
বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ করতে হাইনান জেনারেল পিপলস হাসপাতালে বিশেষ চিকিৎসাসুবিধা ও ছাড় দেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।
এর পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ‘গ্রিন মেডিক্যাল চ্যানেল’ এবং চিকিৎসায় বিশেষ ছাড় চালুর বিষয়ে সম্মতি দিয়েছে।
হাসপাতালের প্রেসিডেন্ট ঝাং জুন বাংলাদেশি পক্ষের প্রস্তাবকে স্বাগত জানান। তিনি জনবল প্রশিক্ষণ, প্রযুক্তিগত উদ্ভাবন, হাসপাতাল ব্যবস্থাপনা ও স্বাস্থ্যশিল্পের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
দুই দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ ধরনের সহযোগিতা বাড়লে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!